শিশুদের কেন দাস-দাসী বানানো যায় আর এটা পুনর্বাসন হলে তাদের কেন মুক্ত করে দেয়া হয় না?

প্রশ্নকারী: Nafis প্রশ্নের তারিখ: 10 Nov 2026 উত্তরের তারিখ: 10 Nov 2026 13

প্রশ্ন

আমার একটি প্রশ্ন আছে। ইসলামে দাসপ্রথা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এটিকে শাস্তি হিসেবে রাখা হয়েছে। কিন্তু আমরা তো জানি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে শরিয়তে কোনো শাস্তি নেই। তাহলে শিশুদের দাস-দাসী বানানো হয় কেন?
যদি পুনর্বাসনের (Rehabilitation) কথা বলেন, তাহলে বালেগ হয়ে গেলে তাদের অবশ্যই স্বাধীন করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি কেন? বালেগ হওয়ার পরও তো তাদের বন্দি হিসেবেই থাকতে হবে।

উত্তর

ইসলামে যুদ্ধবন্দী সবাইকে দাস বানাতেই হবে এমন কোনো কথা নেই। মুসলিম আমির যদি চান, যুদ্ধবন্দী কাউকে দাস না বানিয়ে সবাইকে মুক্ত করে দিতে পারেন। তবে এর বৈধতাও আছে। যদি দাস বানানো হয়, এর প্রেক্ষিতে এই উত্তরটি দিচ্ছি।


ইসলামী শরীয়তে দাসত্বকে নিছক কোনো ব্যক্তিগত অপরাধের ‘শাস্তি’ হিসেবে গণ্য করা হয় না। শরীয়তের মূলনীতি হলোঃ নাবালেগ শিশুর ওপর কোনো দণ্ড বা শাস্তি প্রযোজ্য নয়। কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন কোনো শত্রুপক্ষ পরাজিত হয়, তখন তাদের রাষ্ট্রীয় ও পারিবারিক কাঠামো ভেঙে পড়ে। ইসলামে যুদ্ধে নারী ও শিশুদের হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ। এমতাবস্থায় অভিভাবকহীন বা পরাজিত পরিবারের শিশুদের যুদ্ধবিধ্বস্ত প্রান্তরে ফেলে রেখে আসলে তারা অনাহার, বন্য প্রাণী বা চরম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করত। তাই শিশুদের বন্দি হিসেবে গ্রহণ করা কোনো ‘দণ্ড’ নয়, বরং তাদের জীবন রক্ষা ও প্রতিপালনের একটি মানবিক ও বাস্তবসম্মত ব্যবস্থা।

যুদ্ধবন্দি শিশুদের ক্ষেত্রে ইসলামের বিধান হলো, তাদের মায়ের কাছ থেকে কখনোই আলাদা করা যাবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি মা ও তার সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটায়, কিয়ামতের দিন আল্লাহ তার ও তার প্রিয়জনদের মাঝে বিচ্ছেদ ঘটাবেন” (সুনানে তিরমিজি: ১৫৬৬)। মুসলিম সমাজে একটি পরিবারের অধীনে রেখে এই শিশুদের এমনভাবে বড় করা হতো, যেখানে তারা মনিবের সন্তানদের মতোই খাবার ও পোশাক পেতো। এর মূলে ছিল ইসলামের বিধান। (দেখুনঃ সহিহ বুখারি: ৩০)। রাষ্ট্রীয় এতিমখানা বা আধুনিক ফস্টার কেয়ার না থাকা মধ্যযুগীয় বাস্তবতায় এটিই ছিল শিশুদের নিরাপদে বেড়ে ওঠার একমাত্র কার্যকর মাধ্যম।

শিশু বালেগ হওয়ার সাথে সাথেই কেন বাধ্যতামূলক বা স্বয়ংক্রিয় মুক্তির আইন করা হয়নি, তার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ সামাজিক ও বাস্তব কারণ রয়েছে।  শারীরিক বয়ঃসন্ধিকাল অর্জিত হলেই একজন কিশোরের নিজস্ব বাসস্থান, সম্পত্তি বা স্বাধীনভাবে জীবিকা নির্বাহের সক্ষমতা তৈরি হয় না। এই বয়সে হঠাৎ মুক্ত করে দিলে সে পথে বসবে এবং চরম দারিদ্র্য বা অপরাধে জড়িয়ে পড়বে। সেই কিশোর নিজ পরবারের মতো পরিবেশেই তার মনিবের সঙ্গে থাকে। যদিও পরিভাষাগতভাবে সে "দাস"। কিন্তু সে শুধু নামেই দাস। কিন্তু  ইসলামের এই দাস শব্দটিকে পশ্চিমা বা আরব পৌত্তলিক অমানবিক দাসপ্রথার সাথে তুলনা করা অত্যন্ত ভুল কাজ। (এ ব্যাপারে একাডেমিক আলোচনার জন্য পড়তে পারেন Jonathan A.C. Brown এর Slavery and Islam বইটি)। ইসলামী আইনে মনিব তার অধীনস্থের ভরণপোষণ, চিকিৎসা ও বিয়ের ব্যবস্থা করতে আইনত বাধ্য। বালেগ হওয়ার সাথে সাথেই বাধ্যতামূলক মুক্তি দিলে মূলত মনিবকে তার আর্থিক দায়ভার থেকে মুক্তি দিয়ে কিশোরটিকে সমাজে অরক্ষিত করে দেওয়া হতো। শত্রুভাবাপন্ন পরিবেশ থেকে আসা কিশোরদের মানসিক পরিপক্বতা ও সমাজের সাথে একীভূত হওয়া ছাড়া স্রেফ বয়সের ভিত্তিতে ছেড়ে দিলে রাষ্ট্রের ভেতরেই বিদ্রোহ বা বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি হওয়া স্বাভাবিক।

ইসলাম বালেগ হওয়ার পর তাদের চিরকাল বন্দি করে রাখার বদলে যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে মুক্তির পথ খুলে দিয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ‘মুকাতাব’ বা 'কিতাবাহ'  (চুক্তির মাধ্যমে মুক্তি) বিধান দিয়ে বলেছেন, “তোমাদের অধিকারভুক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায়, তাদের সাথে চুক্তি করো, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ (সক্ষমতা ও আমানতদারিতা) দেখতে পাও; আর আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন তা থেকে তাদেরকে দান করো” (সূরা নূর: ৩৩)।

অর্থাৎ, বালেগ হওয়ার পর যখনই কোনো বন্দি নিজের পায়ে দাঁড়ানোর ও উপার্জনের যোগ্যতা অর্জন করবে, তখন সে অর্থ পরিশোধের চুক্তিতে মুক্ত হওয়ার অধিকার পাবে। শুধু তা-ই নয়, তারা যেন সহজেই এই অর্থ পরিশোধ করে স্বাধীন হতে পারে, সেজন্য ইসলাম রাষ্ট্রীয় যাকাত তহবিলের আটটি খাতের একটি পূর্ণ খাতই (‘ফির রিকাব’ বা দাসমুক্তি, সূরা তাওবাহ: ৬০) নির্ধারণ করে দিয়েছে। এছাড়াও বিভিন্ন গুনাহের কাফফারা (ভুলবশত হত্যা, রোজা বা শপথ ভঙ্গ) এবং সাধারণ সদকার মাধ্যমে তাদের মুক্ত করাকে ইসলাম এমনভাবে উৎসাহিত করেছে, যাতে একজন সক্ষম মানুষ ধাপে ধাপে সম্মানের সাথে পূর্ণাঙ্গ স্বাধীন নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। এ প্রসঙ্গে ইমাম মাওয়ার্দী (র.) বলেছেন –


 “
এবং এর শেষে বলা হয়েছেঃ এটি (কিতাবাহ / মুকাতাব / মুক্তিচুক্তি) বৈধ হওয়ার ব্যাপারে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। তবে দাস যখন তার মালিকের কাছে এই চুক্তি চাইবে, তখন তা মালিকের জন্য ওয়াজিব বা আবশ্যিক হবে কি না তা নিয়ে ফকিহগণ মতভেদ করেছেন। আতা বিন আবি রাবাহ, আমর বিন দিনার এবং দাউদ বিন আলী এই চুক্তি ওয়াজিব হওয়ার পক্ষে মত দিয়েছেন। [তাঁদের মতে] দাস যখন তার সমমূল্য বা তার চেয়ে বেশি অর্থের বিনিময়ে এই চুক্তি চাইবে, তখন মালিককে তা করতে বাধ্য করা হবে। তারা আল্লাহর এই বাণী দ্বারা দলিল পেশ করেছেনঃ "আর তোমাদের মালিকানাধীন দাস-দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি কর, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পার " [সুরা নুর ২৪ : ৩৩]। এখানে দান করা যেহেতু ওয়াজিব, তাই কিতাবাহ (মুকাতাব) চুক্তি করাও ওয়াজিব; কারণ উভয় ক্ষেত্রেই আদেশের রূপ একই।

এবং (দ্বিতীয় দলিল) যেহেতু আনাস বিন মালিক (রা.) এর কাছে সিরিন কিতাবাহ চুক্তি চেয়েছিলেন, কিন্তু তিনি তা অস্বীকার করেন। তখন উমার (রা.) তাঁকে চাবুক দিয়ে আঘাত করতে উদ্যত হন এবং বলেনঃ "তুমি কি আল্লাহ তা’আলার বাণী শোনোনি: ‘তাদের সাথে তোমরা লিখিত চুক্তি কর, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পার ’?" এরপর আনাস (রা.) তাঁর সাথে (মুক্তির) চুক্তি করেন। 

আর (তৃতীয় দলিল হলো) যেসব চুক্তি মানুষের আত্মিক বা জীবনের কল্যাণের দিকে নিয়ে যায়, সেগুলোতে বাধ্য করা বৈধ হতে পারে। যেমনঃ কোনো ব্যক্তি ক্ষুধার্ত ও নিরুপায় হলে, খাদ্যের মালিককে তা বিক্রি করতে বাধ্য করা হয়; কারণ এতে একটি প্রাণের রক্ষা ও কল্যাণ রয়েছে। একইভাবে, কিতাবাহ চুক্তি যা দাসত্ব থেকে মুক্তির দিকে নিয়ে যায়, তাতেও মালিককে বাধ্য করা বৈধ; কারণ এর মধ্যেও মানুষের জীবনের কল্যাণ নিহিত রয়েছে।”

[সূত্রঃ

আল হাওয়িল কাবির – আবুল হাসান আল মাওয়ার্দী, খণ্ড ১৮, পৃষ্ঠা ১৪১

https://shamela.ws/book/6157/8246

অথবা https://archive.is/wip/HYaFv (আর্কাইভকৃত)]

— মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার

আপনার প্রশ্ন করুন

প্রশ্ন করুন

আপনার প্রশ্ন করুন

ইসলাম সম্পর্কে আপনার প্রশ্ন করুন, আমরা দলিলভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব।

প্রশ্ন করুন