হাদিসকে কেন কুরআনের মতো সংকলন করা হয়নি? নবী(সা.) কি উম্মতের বিভক্তি চাইতেন (নাউযুবিল্লাহ)?
প্রশ্ন
কোরআনের মত সংকলন করেন নি???
উত্তর
রাসুলুল্লাহ (সা.) কখনোই চাননি উম্মত বিভক্ত হোক। বরং কুরআন ও হাদিসে বিভক্ত হওয়াকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে (সূরা আলে ইমরান: ১০৩)। হাদিসে উম্মতের ৭৩ দলে বিভক্ত হওয়ার যে কথা এসেছে (সুনানে তিরমিজি: ২৬৪১), সেটি রাসুল (সা.) এর ইচ্ছা বা নির্দেশ ছিল না, বরং ভবিষ্যদ্বাণী ও সতর্কবার্তা ছিল। একজন চিকিৎসক যেমন রোগীকে আগেই সতর্ক করেন যে, অনিয়ম করলে শরীর নানা রোগে আক্রান্ত হবে, তেমনি রাসুল (সা.) উম্মতকে ভবিষ্যতের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন যেন মানুষ কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরে রাখতে পারে।
কুরআন ও হাদিসের প্রকৃতি এবং নাজিলের প্রেক্ষাপট এক ছিল না। রাসুল (সা.) এর যুগে সব হাদিস একটি নির্দিষ্ট বইয়ের মতো করে সংকলন না করার পেছনে অত্যন্ত যৌক্তিক ও বাস্তব কারণ ছিল। ওহী নাজিলের প্রাথমিক যুগে কুরআনের আয়াতের সাথে হাদিসের বাণী মিলে যাওয়ার আশঙ্কায় রাসুল (সা.) কুরআন ছাড়া অন্য কিছু লিখতে নিষেধ করেছিলেন (সহিহ মুসলিম: ৩০০৪)। কুরআন ও হাদিসের পার্থক্য স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসুল (সা.) সাহাবিদের হাদিস লেখার অনুমতি দেন। যেমন আব্দুল্লাহ ইবনে আমর (রা.) ‘সহিফায়ে সাদিকা’ নামে হাদিসের পাণ্ডুলিপি লিখেছিলেন। কুরআন হলো সুনির্দিষ্ট শব্দের তিলাওয়াতযোগ্য গ্রন্থ, কিন্তু সুন্নাহ হলো রাসুল (সা.) এর ২৩ বছরের কথা, কাজ ও মৌন সম্মতির সমষ্টি, যা লক্ষাধিক সাহাবির মাধ্যমে বাস্তব আমলের মধ্য দিয়ে সংরক্ষিত হয়েছিল। তৎকালীন আরবে কাগজ সহজলভ্য ছিল না এবং রাসুল (সা.)-এর মৃত্যুর আগ পর্যন্ত তাঁর কথা ও কাজ চলমান ছিল। তাই বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা লক্ষাধিক সাহাবির দেখা ও শোনা প্রতিটি ঘটনা তাঁর জীবদ্দশায় এক মলাটে বাঁধা বাস্তবসম্মত ছিল না।
আপনি ধারণা করছেন হাদিস এক মলাটে সংকলিত থাকলেই উম্মত বিভক্ত হতো না। কিন্তু ঐতিহাসিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলে। পবিত্র কুরআন তো প্রথম থেকেই এক মলাটে ও শতভাগ নির্ভুলভাবে সংকলিত ছিল। কিন্তু ইসলামের ইতিহাসে যে বড় বিদআতী দলগুলোর (যেমনঃ খারেজি, মুতাজিলা, কাদারিয়া, মুরজিয়া ও শিয়া) জন্ম হয়েছে, তাদের প্রায় সবকটিই সৃষ্টি হয়েছে কুরআনের আয়াতের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ও রাজনৈতিক বিরোধ থেকে। স্রেফ যঈফ হাদিস থেকে নয়। এমনকি বর্তমানে যারা হাদিস বাদ দিয়ে শুধু কুরআন মানার দাবি করে (আহলে কুরআন), একক গ্রন্থ থাকা সত্ত্বেও তাদের মধ্যে নামাজের রাকাত, রোজা ও পর্দার বিধান নিয়ে অসংখ্য পরস্পরবিরোধী দল রয়েছে। মানুষের মধ্যকার বিভক্তির মূল কারণ তথ্যের অপ্রতুলতা বা সংকলনের অভাব নয় বরং মানুষের প্রবৃত্তির অনুসরণ, একগুঁয়েমি, ক্ষমতার লোভ এবং বোঝার ভিন্নতা। কুরআনে আল্লাহ তায়ালা নিজেই বলেছেন যে, মানুষ সত্য জ্ঞান আসার পরও পরস্পর জেঁদ ও হঠকারিতার কারণেই মতভেদ করেছে (সূরা বাকারা: ২১৩)।
আল্লাহ তায়ালা যেমন কুরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, তেমনি কুরআনের ব্যাখ্যা হিসেবে সুন্নাহ সংরক্ষণেরও ব্যবস্থা করেছেন। রাসুল (সা.) এর ওফাতের পর যখনই স্বার্থান্বেষী মানুষ জাল হাদিস তৈরি শুরু করেছে, তখনই মুসলিম মনীষীগণ ‘আসমাউর রিজাল’ ও ‘সনদ’ এর মতো অভূতপূর্ব শাস্ত্রের মাধ্যমে প্রতিটি সহিহ হাদিসকে যয়ীফ ও জাল হাদিস থেকে ছাঁকনির মতো আলাদা করে ফেলেছেন। আজ যেকোনো সত্যান্বেষী মানুষ চাইলে মুহূর্তেই জেনে নিতে পারেন কোন হাদিসটি সহিহ আর কোনটি জাল বা দুর্বল। তাই যারা একগুঁয়েমি ছেড়ে বিশুদ্ধ দলিল মানতে চায়, তাদের জন্য রাসুল (সা.) এর রেখে যাওয়া মূল পথ আজও দিবালোকের মতো স্পষ্ট।
— মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার