মহাবিশ্বের সকল সকল বস্তু যদি মুসলিম হয়ে থাকে, তাহলে কোনো প্রাণীহত্যা কি "মুসলিম হত্যা"র আওতায় পড়বে?
প্রশ্ন
উত্তর
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বক্তব্যটি বুঝতে হলে কুরআন ও ইসলামী আকীদার আলোকে ‘ইসলাম’ বা ‘আনুগত্যের’ দুটি স্তর সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। কুরআনের দৃষ্টিতে আকাশমণ্ডল ও পৃথিবীর প্রতিটি সৃষ্টি - চন্দ্র, সূর্য, বৃক্ষলতা, পাহাড়-পর্বত এবং প্রাণীকুল সবাই আল্লাহর সৃষ্টিগত আইনের অনুগত এবং সবাই তাঁর মহিমা ঘোষণা করে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছেঃ
“তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কিছু চায়? অথচ আকাশে ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই স্বেচ্ছায় বা অনিচ্ছায় তাঁরই কাছে আত্মসমর্পণ করেছে (ইসলাম গ্রহণ করেছে)।” (সূরা আলে ইমরান: ৮৩) “সাত আসমান, জমিন এবং এদের মধ্যে যা কিছু আছে সবাই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে; এবং এমন কিছু নেই যা তাঁর প্রশংসার তাসবীহ পাঠ করে না, কিন্তু তোমরা তাদের তাসবীহ অনুধাবন করতে পারো না।” (সূরা ইসরা: ৪৪)
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. যখন বলেন ‘প্রতিটি সৃষ্টিই মুসলিম’, তখন তিনি এই সৃষ্টিগত ও স্বভাবজাত আত্মসমর্পণের কথাই বুঝিয়েছেন। অর্থাৎ গাছপালা বা পশুপাখি কেউই আল্লাহর প্রাকৃতিক নিয়মের বাইরে যায় না। তারা তাদের নিজস্ব ভাষায় আল্লাহর তাসবীহ পাঠ করে।
শরীয়তের পারিভাষিক অর্থে ‘মুসলিম’ কেবল সেই জিন ও মানুষকে বলা হয়, যাদের আল্লাহ তাআলা স্বাধীন ইচ্ছাশক্তি (ইখতিয়ার) দিয়েছেন এবং যারা স্বেচ্ছায় আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান এনে শরীয়তের বিধান মেনে চলে। শরীয়তের যেসব হুকুম, যেমন কোনো মুসলিমকে হত্যা করা হারাম, রক্ত ও সম্পদের পবিত্রতা, জানাজা, ওয়ারিশ বা বিচারব্যবস্থা - এগুলো কেবল এই ‘মুকাল্লাফ’ (দায়িত্বপ্রাপ্ত) শরয়ী মুসলিমদের জন্যই প্রযোজ্য। পশুপাখি বা প্রাণীকুল এই শরয়ি অর্থে ‘মুকাল্লাফ মুসলিম’ নয়।
আল্লাহ তাআলা প্রাণীকুল সৃষ্টি করেছেন তাঁর কুদরতের নিদর্শন হিসেবে এবং একই সাথে তাদের মানুষের উপকার ও খাদ্যের জন্য অধীনস্থ (মুসাখ্খার) করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেনঃ
“তিনিই সেই সত্তা, যিনি জমিনে যা কিছু আছে তার সবকিছু তোমাদের (মানুষের) কল্যাণে সৃষ্টি করেছেন।” (সূরা বাকারাহ: ২৯) “আর চতুষ্পদ জন্তুগুলো তিনি সৃষ্টি করেছেন, যাতে তোমাদের জন্য রয়েছে শীতবস্ত্রের উপকরণ এবং নানাবিধ উপকার, আর তা থেকে তোমরা আহার গ্রহণ করো।” (সূরা নাহল: ৫)
যে মহান আল্লাহ প্রাণীদের সৃষ্টি করেছেন এবং তাদের সৃষ্টিগতভাবে অনুগত বানিয়েছেন, সেই একই আল্লাহ মানুষকে জীবন ধারণের জন্য হালাল প্রাণী জবেহ করে আহার করার সুস্পষ্ট বিধান ও অনুমতি দিয়েছেন। অতএব, আল্লাহর নির্দেশ মেনে হালাল পশুর জীবন নেওয়া কোনো অপরাধ নয়, বরং তা আল্লাহরই বিধানের বাস্তবায়ন।
প্রাণীরা সৃষ্টিগতভাবে আল্লাহর তাসবীহ পাঠ করে বলেই ইসলাম কোনো প্রাণীকে বিনা কারণে, খেলাচ্ছলে বা নিষ্ঠুরভাবে হত্যা করা কঠোরভাবে হারাম করেছেঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো চড়ুই বা তার চেয়ে ছোট প্রাণীকেও অনর্থক হত্যা করে, কিয়ামতের দিন সেই প্রাণী আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে (নাসায়ী: ৪৪৪৬)।
কোনো প্রাণীকে অনাহারে রেখে বা কষ্ট দিয়ে হত্যা করার কারণে এক নারীকে জাহান্নামে যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে (সহীহ বুখারী: ৩৩১৮)।
তবে যেসব প্রাণী মানুষের জান-মালের ক্ষতিসাধন করে (যেমন বিষাক্ত সাপ, বিচ্ছু, ক্ষতিকর কীটপতঙ্গ বা হিংস্র প্রাণী), আত্মরক্ষা ও ক্ষতিরোধের স্বার্থে তাদের হত্যা করার অনুমতি শরীয়ত দিয়েছে।
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর বক্তব্যটির উদ্দেশ্য ছিল মহাবিশ্বের সব সৃষ্টির মাঝে আল্লাহর প্রতি যে প্রাকৃতিক আনুগত্য রয়েছে তা তুলে ধরা। কোনো প্রাণীকে শরীয়তসম্মত উদ্দেশ্যে (যেমন খাদ্য হিসেবে জবেহ করা) গ্রহণ করা ‘মুসলিম হত্যা’ নয়। তবে কোনো প্রাণীর ওপর অহেতুক জুলুম বা অন্যায়ভাবে হত্যা করা ইসলামের দৃষ্টিতে মারাত্মক গুনাহ।