যদি সব কিছু আল্লাহর ইচ্ছায় হয় তাহলে মানুষের ইচ্ছাশক্তি কী করে 'স্বাধীন' হয়?

প্রশ্নকারী: Lamim প্রশ্নের তারিখ: 12 Nov 2026 উত্তরের তারিখ: 12 Nov 2026 13
শর্ট লিংক

প্রশ্ন

যদি সব কিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়। তাহলে মানুষের ইচ্ছা শক্তি যদি স্বাধীন হয় তাহলে তা আল্লাহর ইচ্ছাধীন হলো কিভাবে? আর যদি তা স্বাধীন নাহয় তাহলে তা আল্লাহর ইচ্ছার অধীন?
এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন।

উত্তর

কেবল আল্লাহ তাআলাই ‘পরম স্বাধীন’। তিনি যা চান তা কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। অন্যদিকে মানুষ স্বয়ম্ভূ নয়, মানুষের জীবন, বুদ্ধি এবং ইচ্ছাশক্তি - সবকিছুই আল্লাহর সৃষ্টি। তবে আল্লাহ মানুষকে চাবি দেয়া পুতুলের মতো বানাননি যে তার কোনো পছন্দ বা ইচ্ছা থাকবে না। আবার তিনি মানুষকে নিজের সার্বভৌমত্বের বাইরেও ছেড়ে দেননি। আল্লাহ মানুষকে একটি নির্দিষ্ট পরিসরে ভালো বা মন্দ পথ বেছে নেওয়ার স্বাধীনতা (ইখতিয়ার) দান করেছেন। অর্থাৎ, মানুষ ইচ্ছা করার যে সামর্থ্য রাখে, সেই সামর্থ্যটি স্বয়ং আল্লাহরই ইচ্ছা ও অনুমোদনের অধীন।  পবিত্র কুরআনে মানুষের ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছার এই সম্পর্কটিকে অত্যন্ত চমৎকারভাবে এক সাথে বর্ণনা করা হয়েছেঃ

“তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য। কিন্তু তোমরা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো ইচ্ছা করতে পারো না।” (সূরা তাকওয়ির: ২৮–২৯)

এখানে লক্ষ্য করুনঃ প্রথম আয়াতে বলা হয়েছে - “যে সরল পথে চলতে চায়” অর্থাৎ মানুষের একটি বাস্তব ইচ্ছা ও বাছাই করার ক্ষমতা রয়েছে, যার ওপর ভিত্তি করে সে জান্নাত বা জাহান্নামের জন্য দায়বদ্ধ হবে।

দ্বিতীয় আয়াতে বলা হয়েছে - “আল্লাহর ইচ্ছা ব্যতীত...” অর্থাৎ মানুষের ইচ্ছা কখনোই স্বয়ংসম্পূর্ণ বা স্বাধীন সত্তা হিসেবে আল্লাহর ক্ষমতার বিকল্প নয়। মানুষ কেবল তখনই ইচ্ছা করতে ও তা বাস্তবায়ন করতে পারে, যখন আল্লাহ তাআলা মহাবিশ্বের নিয়মে তাকে সেই সুযোগ দেন।

 এই বিষয়ে সংশয় তৈরি হওয়ার বড় কারণ হলো আল্লাহর ‘ইচ্ছা’ ও ‘সন্তুষ্টি’কে এক মনে করা। ইসলামিক আকীদায় আল্লাহর ইচ্ছার দুটি রূপ রয়েছে:


সৃষ্টিগত ইচ্ছা বা অনুমতি (ইরাদা কাওনিয়্যাহ / মাশিয়্যাহ):
মহাবিশ্বে আল্লাহর অনুমতি ও সৃষ্টিগত নিয়মের বাইরে একটি গাছের পাতাও নড়ে না। কোনো ব্যক্তি যদি খারাপ কাজ বা কুফরি করতে চায়, আল্লাহ তার স্বাধীন ইচ্ছার পরীক্ষার অংশ হিসেবে তাকে সেই কাজটি সংঘটিত করার সুযোগ বা ক্ষমতা দেন। এটি আল্লাহর ক্ষমতার অধীন, কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ কাজটি পছন্দ করেছেন বা এর আদেশ দিয়েছেন।

শরয়ি ইচ্ছা ও সন্তুষ্টি (ইরাদা শারঈয়্যাহ): আল্লাহ যা আদেশ করেছেন এবং যা তিনি ভালোবাসেন। যেমনঃ আল্লাহ চান সবাই ঈমান আনুক এবং সৎ কাজ করুক। কিন্তু তিনি কাউকে জোর করে বাধ্য করেন না, কারণ বাধ্য করলে 'পরীক্ষা' অর্থহীন হয়ে যেত।

একজন ব্যক্তি যখন অন্যায় কাজ করে, সে আল্লাহর সৃষ্টিগত ক্ষমতার বাইরে গিয়ে তা করে না (কারণ আল্লাহ চাইলে তাকে তৎক্ষণাৎ অচল করে দিতে পারতেন), কিন্তু সে কাজটি করে আল্লাহর নির্দেশ ও সন্তুষ্টির বিরুদ্ধে গিয়ে। তাই এর সম্পূর্ণ দায়ভার সেই ব্যক্তির নিজের। মানুষকে তার অবচেতন শারীরিক কার্যক্রম (যেমন হৃদস্পন্দন বা রক্ত সঞ্চালন) কিংবা তার জন্ম ও মৃত্যুর সময়ের ওপর কোনো জবাবদিহিতা করতে হবে না। কারণ সেখানে তার কোনো ইচ্ছা কাজ করে না। কিন্তু মানুষ ভালো বা মন্দের যে সংকল্প নিজের অন্তরে লালন করে এবং যে কর্মটি বেছে নেয় (যাকে কুরআনের ভাষায় বলা হয় কাসব বা অর্জন), সেটির সম্পূর্ণ অনুভূতি ও সিদ্ধান্ত মানুষের নিজের। মানুষ কখনোই বাধ্য হয়ে পাপ করে না। বরং নিজের নফস ও পছন্দের মাধ্যমেই সে সিদ্ধান্ত নেয়। আর এই স্বাধীন সিদ্ধান্তের কারণেই সে পুরস্কার বা শাস্তির উপযোগী হয়।


মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছার বিপরীত বা সমান্তরাল কোনো শক্তি নয়, বরং মানুষের ইচ্ছা হলো আল্লাহর ইচ্ছার কাঠামোর ভেতরেই একটি সিদ্ধান্ত নেবার ক্ষমতা।

এই বইটি সময় নিয়ে সম্পূর্ণ পড়তে চেষ্টা করবেনঃ
Are we Forced or do we have a Free Will’ by Shaykh Muhammad Ibn Salih Al Uthaymeen 

এই লেখাগুলো পড়বেনঃ

তাকদির আগে থেকে নির্ধারিত হলে মানুষের বিচার হবে কেন? যাদের কাছে ইসলামের দাওয়াহ পৌঁছেনি তাদের কী হবে?

আল্লাহ যদি হেদায়েত দেন আর পথভ্রষ্ট করেন, তাহলে মানুষের দোষ কী?

আপনার প্রশ্ন করুন

প্রশ্ন করুন

আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর

আপনার কি সংশয়মূলক প্রশ্ন আছে? ইসলাম নিয়ে আপনার কি কৌতুহল আছে? তাহলে প্রশ্ন করুন। আমরা উত্তর দিতে চেষ্টা করব ইন শা আল্লাহ।

প্রশ্ন করুন

প্রশ্ন ও উত্তর