ধর্মগ্রন্থের স্পষ্টতা বনাম মুসলিমদের অভ্যন্তরীণ বিভাজন
প্রশ্ন
কিন্তু এই যুক্তির কাঠামোর মুখোমুখি দাঁড়ালেই একটি মারাত্মক ও গভীর স্ববিরোধিতা বা প্যারাডক্সের সৃষ্টি হয়, যা ইসলাম ধর্মের ভেতরের বর্তমান বাস্তবতার সাথে সরাসরি সাংঘর্ষিক। প্রশ্ন হলো: যদি একটি ঐশ্বরিক ধর্মগ্রন্থের উদ্দেশ্যই হয় মানবজাতিকে বিভ্রান্তি থেকে মুক্ত করে একটি সর্বজনীন ও অপরিবর্তনীয় সত্যের ওপর ঐক্যবদ্ধ করা, এবং যদি আন্তরিক পাঠ ও সত্যান্বেষণই একমাত্র চাবিকাঠি হয়, তবে স্বয়ং মুসলিম বিশ্ব নিজেই আজ এত গভীর ও তীব্র অভ্যন্তরীণ সাম্প্রদায়িক বিভাজনে জর্জরিত কেন?
ইতিহাস থেকে শুরু করে আজকের আধুনিক বিশ্ব পর্যন্ত—মুসলিম সমাজ সুন্নি (হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সালাফি, দেওবন্দেী, বেরেলভি, আহলে হাদিস ইত্যাদি), শিয়া (ইথনা আশারিয়া, ইসমাইলি, জাফরি ইত্যাদি), ইবাদি, সুফি সিলসিলা এবং আরও বহু স্বতন্ত্র ও পরস্পরবিরোধী ফেরকা বা উপদলে বিভক্ত। শুধু তাত্ত্বিক বিশ্বাস বা আকিদাই নয়, বরং ইবাদত-বন্দেগির পদ্ধতি, শরিয়তের আইন, রাজনৈতিক নেতৃত্ব বা খিলাফতের বৈধতা, এমনকি কোন হাদিসটি প্রামাণিক আর কোনটি বানোয়াট—এই মৌলিক বিষয়গুলো নিয়েও এই দলগুলোর মধ্যে তীব্র ও আপসহীন মতপার্থক্য রয়েছে। বহু ক্ষেত্রে এই উপদলগুলো কেবল বুদ্ধিবৃত্তিক দ্বন্দ্বে লিপ্ত নয়, বরং একে অপরকে প্রকাশ্যভাবে পথভ্রষ্ট, বেদআতি, কিংবা কাফের পর্যন্ত ঘোষণা করেছে।
এই বাস্তবতায় একটি মৌলিক ও অকাট্য প্রশ্ন অনিবার্য হয়ে ওঠে: যে মুসলিমরা তাঁদের সমগ্র জীবন কোরআন ও হাদিসের চর্চায় উৎসর্গ করেন, যারা আরবি ভাষার ব্যাকরণ ও এর সূক্ষ্ম অলংকারশাস্ত্র আয়ত্ত করেন, এবং যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পবিত্র পাঠ্যের ওপর নির্ভর করে আসছেন—তারাই যদি একটি একক, সর্বসম্মত এবং সুসংহত বোঝাপড়ায় পৌঁছাতে ব্যর্থ হন এবং শত শত উপদলে বিভক্ত হয়ে পড়েন, তবে একজন বাইরের অমুসলিমকে কীভাবে এটি বোঝানো যায় যে 'ধর্মগ্রন্থের স্বচ্ছতাই একমাত্র সত্যের পথ'? যদি স্বয়ং কোরআনের অনুসারী ও গবেষকরাই এর অন্তর্নিহিত বার্তা বা ফিকহ নিয়ে চরম বিরোধিতায় লিপ্ত থাকেন, তবে এই দাবি করা কীভাবে যুক্তিসঙ্গত হয় যে, একজন অমুসলিম নিরপেক্ষভাবে পাঠ করলেই কোনো বিভ্রান্তি ছাড়াই ঠিক ওই একই 'অকাট্য সত্যে' উপনীত হবে?
সুতরাং, এই দ্বিমুখী মানদণ্ড একটি গভীর দার্শনিক সংকটের জন্ম দেয়: হয় ধর্মগ্রন্থগুলো এতটা স্বয়ংস্পষ্ট নয় এবং মানুষের ব্যক্তিগত বা সামাজিক পক্ষপাত থেকে মুক্ত হয়ে এর নিরপেক্ষ পাঠ অসম্ভব, অথবা মানব প্রকৃতির সহজাত সীমাবদ্ধতার কারণে যেকোনো পরম সত্য শেষ পর্যন্ত অসংখ্য আপেক্ষিক ও conflicting মানবেতর ব্যাখ্যায় ভেঙে পড়তে বাধ্য। এই প্রেক্ষাপটে, অমুসলিমদের ওপর দায় চাপানোর আগে মুসলিমদের নিজেদের ভেতরের এই দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ বিভাজন ও এর অন্তর্নিহিত জ্ঞানতাত্ত্বিক (Epistemological) সংকটের যৌক্তিক সমাধান করা প্রয়োজন।
উত্তর
মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ মতপার্থক্যকে বোঝার ক্ষেত্রে অনেকের সবচেয়ে বড় বিভ্রান্তি ঘটে যখন তারা 'মৌলিক বিশ্বাস' ও 'শাখাগত ব্যাখ্যা'কে এক পাল্লায় মাপেন। সুন্নী, শিয়া, ইবাদি কিংবা হানাফী, সালাফী, দেওবন্দী - নাম ও চিন্তার যতই বৈচিত্র্য থাকুক না কেন, ইসলামের মৌলিক নীতিমালা বা উসুলগুলোতে কোনো মতপার্থক্য নেই। বিশ্বের প্রতিটি মুসলিম গোষ্ঠী একমত যেঃ আল্লাহ এক, অদ্বিতীয়, অংশীদারহীন ও সর্বশক্তিমান, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসুল। কুরআন আল্লাহর অবিকৃত ও অপরিবর্তিত কালাম। পরকাল, হিসাব-নিকাশ, জান্নাত ও জাহান্নাম অবধারিত সত্য। পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত ও হজের মৌলিক বাধ্যবাধকতা অপরিবর্তনীয়। হত্যা, ব্যভিচার, সুদ, মিথ্যাচার ও জুলুম হারাম।
বিশ্বের বিভিন্ন বড় ধর্মের দিকে তাকালে দেখা যায়, তাদের ধর্মগ্রন্থের ক্যানন বা পুস্তকতালিকা, স্বয়ং ঈশ্বরের মৌলিক প্রকৃতি নিয়েই মৌলিক বিভক্তি বিদ্যমান। কিন্তু ইসলামে বিষয়টি আদৌ এমন নয়। যে বিভাজন দৃশ্যমান, তা মূলত এক নীতিমালাকে কেন্দ্র করে আবর্তিত শরিয়াহর ব্যবহারিক প্রয়োগপদ্ধতির পার্থক্য। ইসলাম কখনো দাবি করে না যে কুরআনের প্রতিটি বাক্যের অর্থ কেবল একটিই হতে পারে এবং মানুষের নিজস্ব কোনো চিন্তাশক্তি প্রয়োগের অবকাশ নেই।
“তিনিই আপনার প্রতি এই কিতাব নাজিল করেছেন, যার কিছু আয়াত ‘মুহকাম’, যা কিতাবের মূল ভিত্তি; আর অন্যগুলো ‘মুতাশাবিহ’।” (সুরা আলে ইমরান: ৩:৭)
মুহকামাতগুলোর মাঝে আছে সেসব বিষয়, যেগুলো মানুষের পথনির্দেশ ও মুক্তির জন্য অপরিহার্য। যেমন তাওহিদ, পরকাল, ইনসাফ ও মৌলিক বিধিবিধান। এগুলো সূর্যের আলোর মতো স্পষ্ট। এখানে একজন নিরপেক্ষ অমুসলিম বা সত্যান্বেষীর পথ হারানোর কোনো সুযোগ নেই। এ ছাড়া, যে কোনো ভাষার প্রকৃতিই এমন যে কিছু শব্দ ও বাক্য একাধিক অর্থের সম্ভাবনা রাখে। মানুষের বুদ্ধি, সংস্কৃতি ও যুগের ভিন্নতার কারণে ফিকহি বিধানের এই নমনীয়তা কোনো ত্রুটি নয়, বরং তা বিভিন্ন যুগে ও অঞ্চলে শরিয়তের অভিযোজন সক্ষমতার প্রমাণ। হানাফী, শাফিঈ, মালিকী ও হাম্বলী এই চার মাযহাবের মধ্যকার পার্থক্য কোনো 'উপদলীয় দ্বন্দ্ব' নয়। এগুলো হলো আইনের উচ্চতর ব্যাখ্যাপদ্ধতি (Methodology of Law)। যেমন আধুনিক গণতান্ত্রিক বিশ্বে একই সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে উচ্চ আদালতের বিচারপতিরা ভিন্ন ভিন্ন রায় দেন, কিন্তু কেউ সংবিধানকে অস্বীকার করেন না। ঠিক তেমনি মুসলিম ফকিহদের মতপার্থক্য ছিল বুদ্ধিবৃত্তিক। তাঁরা ফিকহের ভিন্নতার জন্য একে অপরকে কাফের বা গোমরাহ বলেননি, বরং পরস্পরের পেছনে নামাজ আদায় করেছেন এবং একে অপরকে উস্তাদ-ছাত্র হিসেবে সম্মান করেছেন। কিন্তু সমস্যা তৈরি হয় তখন, যখন মানুষ বুদ্ধিবৃত্তিক মতপার্থক্যকে ছাপিয়ে অহংকার, অন্ধ গোঁড়ামি ও রাজনৈতিক স্বার্থে লিপ্ত হয়ে উপদল তৈরি করে। ইসলাম এই সংকীর্ণতাকে কঠোরভাবে নিষেধ করেছে।
“এবং তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।” (সুরা আলে ইমরান: ৩:১০৩)
মানুষের এই আচরণগত ত্রুটির দায় মানুষের নিজের নফস ও রাজনৈতিক ইতিহাসের। তা আল্লাহর বাণীর স্পষ্টতার ঘাটতি নয়। কুরআন নিজেই স্পষ্ট করে দিয়েছে যে, সত্য প্রকাশিত হওয়ার পরও মানুষ কেন বিভক্ত হয়ঃ
“তাদের কাছে স্পষ্ট জ্ঞান আসার পর কেবল নিজেদের মধ্যকার পারস্পরিক হিংসা-বিদ্বেষ ও অহংকারের বশবর্তী হয়েই তারা বিভক্ত হয়েছে।” (সুরা শুরা: ৪২:১৪)
জ্ঞানতাত্ত্বিকভাবে সত্যের উপস্থিতি আর সত্যকে মানুষের নিখুঁতভাবে গ্রহণ করা এক বিষয় নয়। যেমনঃ চিকিৎসাবিজ্ঞান অত্যন্ত যৌক্তিক ও প্রমাণভিত্তিক। তা সত্ত্বেও চিকিৎসকদের মধ্যে রোগ নির্ণয় ও চিকিৎসার পদ্ধতি নিয়ে তীব্র মতপার্থক্য দেখা যায়। এমনকি অনেক ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্বও তৈরি হয়। এর অর্থ এই নয় যে চিকিৎসাবিজ্ঞান একটি মরীচিকা বা রোগ নিরাময়ের কোনো বাস্তব ভিত্তি নেই। ঠিক তেমনি, রাজনৈতিক ক্ষমতা, গোত্রীয় আনুগত্য, সাম্রাজ্যের উত্থান-পতন এবং মানবিক অহংকার যুগে যুগে ধর্মীয় ব্যাখ্যার ওপর প্রভাব ফেলেছে। টেক্সট বা বাণী মানুষকে পথ দেখায়, কিন্তু মানুষ তো রোবট না, তার স্বাধীন ইচ্ছাশক্তি বা Free Will রয়েছে বলেই সে কখনো কখনো নিজের স্বার্থকে ধর্মের ওপর প্রাধান্য দেয়।
একজন দাঈ যখন কোনো অমুসলিমকে নিরপেক্ষভাবে পড়ার আহ্বান জানান, তখন তিনি তাঁকে ইসলামি ইতিহাসের ১৪০০ বছরের কোনো ফিকহী বিতর্কে বা শিয়া-সুন্নী রাজনৈতিক দ্বন্দ্বে প্রবেশের আহ্বান জানান না। তিনি আহ্বান জানান হলো মূল উৎসে বা Source এ ফিরে গিয়ে মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার দিকে। যেমনঃ ১. এই মহাবিশ্বের স্রষ্টা কি একক, নাকি বহু? ২. মানুষের অস্তিত্বের উদ্দেশ্য কী এবং পরকাল কি যৌক্তিক? ৩. কুরআন কি মানুষের রচিত হতে পারে, নাকি এর বাণী অলৌকিক ও ঐশ্বরিক?
এই মৌলিক স্তরগুলোতে যে সত্যান্বেষী ব্যক্তি নির্মোহভাবে অনুসন্ধান চালাবেন, তিনি ইসলামকে একটি স্বয়ংস্পূর্ণ, নিখুঁত একেশ্বরবাদী সত্য হিসেবেই পাবেন। পরবর্তীতে ঐতিহাসিক বা ফিকহী মতপার্থক্যগুলো তিনি বুঝতে পারবেন মানুষের ঐতিহাসিক অভিজ্ঞতার স্বাভাবিক প্রকাশ হিসেবে। যা ইসলামের সত্যতাকে বিন্দুমাত্র ভুল প্রমাণ করে না। অনুসারীদের আচরণগত বিভাজন মানুষের নিজস্ব দুর্বলতার দলিল। এগুলো কোনো ধর্মের বিভ্রান্তির প্রমাণ নয়।
আপনি আমাদের ওয়েবসাইটের এই লেখাটি পড়তে পারেনঃ